সাক্ষীর নামে জালিয়াতি!

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী শামসুল হকের (নান্নু) নাম জালিয়াতি করে ভিন্ন ব্যক্তির সাক্ষাৎকারের ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তাঁরা বলেছেন, বিচারকে প্রশ্নবিদ্ধ করতে এবং দেশে-বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
রাষ্ট্রপক্ষ জানায়, সম্প্রতি শামসুল হকের নাম ব্যবহার করে ইন্টারনেটে যে ব্যক্তির সাক্ষাৎকারের ভিডিও ছাড়া হয়েছে, তিনি প্রকৃত শামসুল হক নন। ভিডিওতে যাঁকে দেখা গেছে, তাঁর সঙ্গে সাক্ষীর চেহারার মিল নেই। শামসুল হকও নিশ্চিত করেছেন, ভিডিওর ওই ব্যক্তি তিনি নন। গত শনিবার রাতে এ বিষয়ে তিনি ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য টেলিগ্রাফ-এ ‘ইসলামিস্ট লিডার সেনটেন্সড টু ডেথ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন অনুসারে, আবদুল কাদের মোল্লার ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান গোপনে ধারণ করা একটি ভিডিওর বরাত দিয়ে টেলিগ্রাফকে বলেছেন, ভিডিওতে নান্নু নামে পরিচিত রাষ্ট্রপক্ষের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বলেছেন, সাক্ষ্য দেওয়ার জন্য সরকার তাঁকে হুমকি দিয়েছে ও আর্থিক প্রলোভন দেখিয়েছে।
রাষ্ট্রপক্ষ বলেছে, যে ভিডিওর ওপর ভিত্তি করে ক্যাডম্যান টেলিগ্রাফকে ওই মন্তব্য করেছেন, ওই ভিডিওটিই ভুয়া। ‘বাংলাদেশ ওয়ার ক্রাইম ট্রায়াল এক্সপোজড উইটনেস স্ক্যান্ডাল’ শীর্ষক ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইউটিউবে পাওয়া যাচ্ছে। ওই ভিডিওর শুরুতে এক ব্যক্তির নাম শামসুল হক দেখানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম গতকাল রোববার বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করতে ও ট্রাইব্যুনালের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এর আগেও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় সুখরঞ্জন বালী নামে রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীকে আসামিপক্ষ নিজেদের সাক্ষী দাবি করে তাঁকে অপহরণের কথিত অভিযোগ এনেছিল।’
পরবর্তী সাক্ষ্য আজ: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী শহীদ চিকিৎসক আজহারুল হকের স্ত্রী সৈয়দা সালমা হককে জেরা শেষ করে আসামিপক্ষ। আজ সোমবার এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।