ফরিদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পৌনে একটার মধ্যে এ ঘটনা ঘটে শহরের রথখোলা এলাকার রণজিৎ নাথের বাড়িতে।
রণজিৎ নাথ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ৩ নম্বর অভিযোগের এবং সাবেক জামায়াত নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের মামলার প্রথম অভিযোগের একজন সাক্ষী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের রথখোলা মহল্লায় নিজ বাড়ির সামনে কুমার নদের পাড়ে রণজিতের একটি খড়ির (লাকড়ি) দোকান আছে। সেই দোকানের পাশেই রিয়া বেকারি নামে একটি দোকানের অবস্থান। বেকারির দুই কর্মচারী রমজান ও হাবিব জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা খড়ির দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা পানি দিয়ে আগুন নেভাই।’ রণজিৎ নাথ বলেন, ‘রাত পৌনে একটার দিকে বাসার সামনে একটা শব্দ শুনতে পাই। এর পরপরই এলাকার এক লোক মুঠোফোনে জানান, আমার বাড়ির সামনে আগুন জ্বলছে। দ্রুত দরজা খুলে দেখি একটি পেট্রলবোমা মারা হয়েছে। এতে আমার দরজার পর্দার কিছু অংশ পুড়ে গেছে। আমি দ্রুত বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানাই।’ রণজিৎ নাথ বলেন, ‘আমি মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় জামায়াত-শিবির আমার ওপর ক্ষুব্ধ। আমাদের এলাকায়ও তাদের লোক আছে। আমার ধারণা, তারাই এ কাজ করেছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবনের নিরাপত্তা চাই।’
রণজিৎ নাথের বাড়িতে নিক্ষিপ্ত বোমাটি পেট্রলবোমা বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার শহর উপপরিদর্শক (টিএসআই) তপন দেবনাথ। তিনি বলেন, অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করা হয়েছে।