সাক্ষীরা পিপি ও জিপির পছন্দমতো সাক্ষ্য দিলে আদালতে হাজির করানো হয়: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, বিচারপ্রার্থীরা সাক্ষীদের নিয়ে এসে আগে সরকারি কৌঁসুলির (পিপি, জিপি) কাছে হাজিরা দেন। সাক্ষীরা যদি পিপি, জিপির পছন্দমতো সাক্ষ্য দেন, তবেই তাঁকে আদালতে হাজির করানো হয়। এর ব্যতিক্রম ঘটলে হাজির করানো হয় না। এতে একদিকে বিচারপ্রক্রিয়ায় সময় বেশি লাগে, অন্যদিকে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সাক্ষীদের সরাসরি আদালতে হাজির করাতে হবে।গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, ‘অযথা সময় নষ্ট করে বিচারব্যবস্থাকে বিলম্বিত করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিচারকাজ সম্পন্ন করে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে হবে। বিচারক ও আইনজীবীদের যৌথভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা দুর্বল হলেও ন্যায় প্রতিষ্ঠায় লড়াই করে যেতে চাই।’প্রধান বিচারপতি আরও বলেন, বাঙালি স্বাধীন জাতি। বিচার বিভাগ স্বাধীন। এই জাতিকে ন্যায্য বিচার দেওয়ার দায়িত্ব বিচারক ও আইনজীবীদের। বিচারকেরা কিছু বলতে পারেন না, তাঁরা শুনতে পারেন। আইনজীবীরা বলতে পারেন। সে কারণে আইনজীবীদের সঠিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ লায়লা সালমা বানু এবং জেলা বারের সাবেক সভাপতি আমানুল্লাহ মণ্ডল।