চট্টগ্রাম নগরের পাঁচলাইশ বহদ্দারহাট এলাকায় বাসায় ঢুকে এক নারীসহ তাঁর দুই শিশু খুনের চাঞ্চল্যকর মামলা ১৭ মাসেও নিষ্পত্তি হয়নি। সাক্ষীরা ধার্য দিনে হাজির না হওয়ায় থমকে আছে বিচার।
এ অবস্থায় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানোর দাবি নিহতদের স্বজনদের। বর্তমানে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
আলোচিত এ মামলার বিচার থমকে থাকায় অপরাধীরা উৎসাহিত হবে উল্লেখ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন, ‘চাঞ্চল্যকর এসব মামলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। নইলে সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। তিন খুনের বিচার শেষ না হতেই নগরের আগ্রাবাদে গত সোমবার বাসায় ঢুকে মা ও মেয়েকে খুনের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার না হলে নগরবাসীর আতঙ্ক কাটবে না।’ মামলার বাদী নিহত ডলি আক্তারের বাবা মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, ‘দিনদুপুরে বাসায় ঢুকে মা ও দুই শিশুকে কুপিয়ে হত্যার বিচার আজও পাইনি। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। ’
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ অক্টোবর নগরের বহদ্দারহাটের খতিবের হাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার এবং তাঁর দুই শিশুপুত্র আলভি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেন গৃহশিক্ষক তারেক চৌধুরী।
এ ঘটনায় নিহত ডলির বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আসামি তারেক চৌধুরী কারাগারে রয়েছেন। গত বছরের ৩ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হলেও ধার্য দিনে সাক্ষীরা হাজির হচ্ছেন না আদালতে। মামলায় ৪৩ সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ১৮ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে আদালত তিন সাক্ষীর বিরুদ্ধে ফের সমন জারি করেন। আগামী ৩ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘আলোচিত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ তৎপর রয়েছে। সাক্ষীদের ধার্য দিনে হাজির করতে যোগাযোগ করা হচ্ছে।’