
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ত্রয়োদশ সাক্ষী চিকিৎসক বিধান চন্দ্র রায়ের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আজ সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী বিধান চন্দ্র রায় সাক্ষ্যে উল্লেখ করেন, ‘২০১২ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় নগরের সার্জিস্কোপ হাসপাতালে হিমাদ্রী মজুমদার নামের তরুণকে চিকিৎসার জন্য আনা হয়। তাঁর ডান হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয়। শুনেছি ছাদ থেকে পড়ে তিনি আহত হন। এ বিষয়ে কোনো সনদ দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে।’
সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা ওই চিকিৎসককে জেরা করেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।