চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৫তম সাক্ষী চট্টগ্রাম চিড়িয়াখানার পশু চিকিৎসক (উপকিউরেটর) মঞ্জুর মোর্শেদের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আজ মঙ্গলবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী চট্টগ্রাম চিড়িয়াখানার পশু চিকিৎসক মঞ্জুর মোর্শেদ সাক্ষ্যে উল্লেখ করেন, আদালতের নির্দেশে হিমাদ্রী হত্যা মামলার আলামত তিনটি কুকুর চিড়িয়াখানায় সংরক্ষণ করে রাখা হয়। পরে দুটি কুকুর অসুস্থ হয়ে মারা যায়। একটি কুকুর বর্তমানে চিড়িয়াখানায় আছে। কুকুরগুলো কোন জাতের তা শনাক্ত করা যায়নি। সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা ওই চিকিত্সককে জেরা করেন। জেরাকালে কোনোটির উত্তরে ‘হ্যাঁ’ আর কোনোটির উত্তরে ‘না’ বলেন ওই চিকিত্সক।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন পর ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।