
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৭তম সাক্ষী পুলিশ কনস্টেবল মুসলেম উদ্দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী মুসলেম উদ্দিন সাক্ষ্যে উল্লেখ করেন, মৃত্যুর পরদিন ২০১২ সালের ২৪ মে হিমাদ্রী মজুমদারকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। সেদিন নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) জহির হোসেনের নেতৃত্বে টহল ডিউটিতে ছিলেন তিনি। হিমাদ্রীর লাশের সুরতহাল তৈরি করে পুলিশ। জব্দ তালিকায় সাক্ষী হিসেবে থাকেন মুসলেম উদ্দিন। সুরতহাল শেষে লাশটি ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।