সাক্ষ্য অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী মজুমদার
হিমাদ্রী মজুমদার

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনের সাক্ষ্য অব্যাহত আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে আংশিক সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী জহির হোসেন সাক্ষ্যে উল্লেখ করেন, নিহত হিমাদ্রী মজুমদার ছাদ থেকে পড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০১২ সালের ২৮ এপ্রিল চিকিৎসাধীন থাকাবস্থায় নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় পরিবারের পক্ষ থেকে। ওই জিডিটি তদন্ত করেন তিনি। পরে হিমাদ্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তাঁর মৃত্যু হলে ২৪ মে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে, খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। হিমাদ্রীর লাশের সুরতহাল তৈরি করেন। সুরতহাল শেষে লাশটি ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান। হিমাদ্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। সেই জবানবন্দিটি মুঠোফোনে সংরক্ষণ করেন তার বন্ধুরা। পরে সেই জবানবন্দিটি সিডি আকারে জব্দ তালিকায় দেখানো হয়। তদন্তে ঘটনাস্থলও পরিদর্শন করা হয়। আসামি শাহ সেলিম টিপুর বাসা থেকে তিনটি বিদেশি কুকুর আটক করা হয়। পরে আদালতের নির্দেশে কুকুরগুলো চট্টগ্রাম চিডিয়াখানায় রাখা হয়। পরে দুটি কুকুর মারা যায়।