সাক্ষ্য আইনের একটি ধারা সংশোধন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে করা মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের একটি ধারা সংশোধনের ওপর জোর দিয়েছেন আলোচকেরা। তাঁরা বলেছেন, এ ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার ব্যবহার বাধ্যতামূলক করা যেতে পারে। গতকাল শনিবার বিকেলে ‘বাংলাদেশে ধর্ষণ মামলায় চারিত্রিক প্রমাণের ব্যবহার: সাক্ষ্য আইন ১৮৭২-এর ১৫৫(৪) ধারা’ শীর্ষক এক সম্মেলনে কয়েকজন আলোচক এ মত দেন। রাজধানীর আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) এ সম্মেলনের আয়োজন করে।
সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি যখন বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রা। ধর্ষণের অভিযোগে সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, মানুষের জন্য আইন। আইনের জন্য মানুষ নয়। ধারাটি বিভিন্ন আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। যেকোনো পরিবর্তন আনতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই আন্তসমন্বয়ের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জ্যেষ্ঠ জেলা জজ তানজীনা ইসমাইল বলেন, এ ধরনের মামলার দণ্ড দেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ, প্রথমে বাদী ও আইনজীবী সোচ্চার থাকেন। মাঝপথে এসে থেমে যায়। দুশ্চরিত্রা শব্দটি আপেক্ষিক। এ আইন পরিবর্তন করা অনেক কঠিন হতে পারে। সে ক্ষেত্রে নজির (রুল) এলে ভালো হয়। ১৫৫(৪) ধারাটি ধর্ষণের শিকার ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করেন তিনি।
ব্ল্যাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ওই ধারাটি সংবিধান অনুসারে টেকে না। আইনটি ঔপনিবেশিক আমলের। বিধানটি ভিক্টোরিয়ান ধারণার প্রতিফলন। স্বাধীনতার ৪০ বছর পর এমন বিধান থাকতে পারে এটিই বড় প্রশ্ন। এখন ডিএনএ পরীক্ষার সুযোগ আছে। ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ আইনকে সাক্ষ্য-প্রমাণের ক্ষেত্রে কার্যকর করা যেতে পারে।
ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মোমিনুননেসা শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ সাতটি দেশের এ-সংক্রান্ত বিদ্যমান আইনের দিকগুলো নিয়ে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন ব্লাস্টের গবেষক ঈষিতা দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতেমা সুলতানা। অন্যান্যের মধ্যে ব্ল্যাস্টের প্যানেল আইনজীবী নজরুল ইসলাম খান, পরামর্শক সোমা রায় চৌধুরী, আইসিডিডিআরবির বৈজ্ঞানিক রুচিরা তাবাসসুম নাভেদ বক্তব্য দেন।