চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নবম সাক্ষী নিহতের বাবা প্রবীর মজুমদার সাক্ষ্য দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে সাক্ষ্য অসমাপ্ত অবস্থায় আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষ্যে প্রবীর মজুমদার বলেন, হিমাদ্রীকে হত্যার এক বছর আগে ২০১১ সালের ২০ মে মামলার আসামি শাহাদাত হোসাইন সাজু নেশাগ্রস্ত অবস্থায় হিমাদ্রীকে হুমকি দিয়েছিল। এর পর থেকে হিমাদ্রী কলেজে যেতে চাইত না। পরে বিষয়টি জানানো হলে থানায় জিডি করা হয়। পরের বছরের ২৭ এপ্রিল খবর পান হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন বিছানায় কাতরাচ্ছে হিমাদ্রী। এই সময় সে ঘটনার বর্ণনা দেয়।