ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আরও একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে গতকাল বুধবার মহিব উল্যা ফরহাদ নামের ওই সাক্ষী সাক্ষ্য দেন। এ নিয়ে মামলার বাদীসহ ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
স্থানীয় সাংবাদিক মহিব উল্যা ঘটনার দিন একরামের গাড়িতে ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে এ পর্যন্ত ৪৪ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে আছেন। গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬ জনকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ৫ জন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, সাক্ষ্য দেওয়ার সময় ও আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে মহিব উল্যা বলেন, ঘটনার দিন সকালে চেয়ারম্যান একরামের গাড়ি ফেনী শহরের বিলাসী সিনেমা হলের কাছে পৌঁছার পর ৩০-৪০ জন লোক গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। চেয়ারম্যান একরাম চালকের পাশে বসা ছিলেন, তিনিসহ ৫ জন গাড়ির পেছনের আসনে ছিলেন। ইটের আঘাতে তিনি আহত হয়ে গাড়ির আসনের ওপর শুয়ে পড়েন। এ সময় আরও দুজন তাঁর শরীরের ওপর গিয়ে পড়েন। সে সময় গুলি ও ককটেলের আওয়াজ শোনা গেছে। একপর্যায়ে তিনি গাড়ির ভাঙা জায়গা দিয়ে কোনো রকমে বের হয়ে পাশের একটি ওয়ার্কশপে আশ্রয় নেন। সেখান থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। কারা ইটপাটকেল ও গুলি ছুড়েছে এবং গাড়িতে আগুন দিয়েছে তা তিনি দেখেননি।
আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন ও সাইফুল্লাহ রাসেল সাক্ষীকে জেরা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।