সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৯ অক্টোবর নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলের আলোচিত চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার আদালতে মামলার শুনানি চলাকালে বাদী আবদাল মিয়া সরকারি কৌঁসুলির (পিপি) পাশাপাশি তাঁর নিজের একজন আইনজীবী নিয়োগের দাবি তোলেন। তাঁর দাবি বিবেচনাযোগ্য কি না, তা যাচাইয়ের জন্য সময় চেয়ে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ ৭ সেপ্টেম্বর এই মামলার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, তাঁদের আত্মীয় আরজু মিয়া ও সায়েদ আলীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল আদালতে হাজির করা হয়।
মামলার বাদী আবদাল মিয়া আদালতকে বলেন, চার শিশু হত্যার মামলাটি আলোচিত। তাঁরা পিপির পাশাপাশি নিজেদের পছন্দের একজন আইনজীবী নিয়োগ করতে চান। এ বিষয়ে হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন করেছেন বলে জানান তিনি। জবাবে নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পিপি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাসেম মোল্লা বলেন, রাষ্ট্রপক্ষ এ মামলা পরিচালনা করে আসছে। এখানে অতিরিক্ত আইনজীবী নিয়োগের প্রয়োজন নেই।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চারটি শিশু বাড়ির পাশে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পাঁচ দিন পর বাড়ির কাছে নদীর পাড়ে বালু চাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বাহুবল থানায় মামলা হয়। তবে বাদী কাউকে অভিযুক্ত করেননি। পুলিশ তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে গত ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। নয় আসামির মধ্যে বাচ্চু মিয়া নামে একজন র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান। বাকি আট আসামির মধ্যে গ্রেপ্তার আছেন পাঁচজন। পলাতক আছেন তিন আসামি।