খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২১ মে সাক্ষ্যগ্রহণ শুরুর নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়।
একই সঙ্গে এ দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে করা খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আদেশ ওই দিন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর ধার্য দিনে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে সময়ের আবেদন জানিয়ে বলেন, গত ১৯ মার্চ এ দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা প্রয়োজন। তা না হলে আসামিপক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা আদালতে বলেন, মামলার বাদী দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ সমন পেয়ে সাক্ষ্য দিতে আদালতে এসেছেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণ কার্যক্রম ২১ মে পর্যন্ত মুলতবির আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মোসলেহ উদ্দিন, গোলাম মোস্তফা খান, সাজ্জাদ হায়দার প্রমুখ।
পরে সাজ্জাদ হায়দার প্রথম আলোকে জানান, এ দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন। আবেদনে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজিও জানানো হয়। আগামীকাল বুধবার এই আবেদনের ওপর আদেশ দেবেন হাইকোর্ট। এ কারণে বিচারিক আদালত সাক্ষ্যগ্রহণ মুলতবি করে পরবর্তী তারিখ ধার্য করেছেন।