ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ১৮ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মাহবুবুর রহমান সময়ের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ হত্যা মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মুফতি জসীম উদ্দিন ছাড়া অপর সাতজন হলেন বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক রয়েছেন।
এ মামলায় কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করার পর তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।