সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক সাক্ষ্য গ্রহণ করেন।
এ মামলার আসামি নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান, তাঁর দুই বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এ মামলার প্রথম সাক্ষী মশিউর রহমান সাক্ষ্যে বলেন, তাঁর ভাই পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। দুষ্কৃতকারীরা তাঁকে খুন করে থাকতে পারে।
পরে মশিউর রহমানকে জেরা শুরু করেন ঐশীর আইনজীবীরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐশী তাঁর মা-বাবাকে খুন করেছে, এটা তিনি বিশ্বাস করেন না। আসামিপক্ষে জেরা শেষ না হওয়ায় আদালত ১১ আগস্ট বাকি জেরার জন্য দিন ধার্য করেন।
ঐশীসহ তিন আসামির বিরুদ্ধে গত ৫ মে অভিযোগ গঠন করেন আদালত। একই মামলায় ঐশীদের গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়। ২০ মে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সুমি জামিনে আছে।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।