সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আদালত সূত্র জানায়, এ দিন সিপিবির উপদেষ্টা ও মামলার বাদী মনজুরুল আহসান খান সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। আদালত আগামী ১৩ নভেম্বর সাক্ষ্যের পরবর্তী দিন ধার্য করেছেন। এই মামলায় কারাগারে আটক আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, মশিউর রহমান ও আরিফ হাসান সুমনকে আদালতে আনা হয়। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত হন। আহত হয়েছিলেন অর্ধশতাধিক লোক। এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান মামলা করেন। পুলিশ তদন্ত শেষে গত বছর ২৬ নভেম্বর মুফতি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৪ সেপ্টেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই ঘটনায় করা হত্যা মামলাটির একই আদালতে বিচারকাজ চলছে। ওই মামলায় ৬ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি সালাউদ্দিন আহমেদ।