আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেন। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী হবিগঞ্জের সাংসদ আবদুল মজিদ খান।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সাক্ষ্য দেন সাংসদ আবদুল মজিদ খান। সাক্ষ্য গ্রহণের শুরুতে বাদী মামলার এজাহার কপি আদালতে পড়ে শোনান। সর্বশেষ তদন্তে যাঁদের অভিযুক্ত করা হয়েছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। বাদী পুরো ঘটনার বর্ণনা দেন। একই সঙ্গে রাজনৈতিক কারণে এ মামলা ধামাচাপা দেওয়ার অপচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে বলেন, মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও বিএনপিদলীয় রাজনীতির সঙ্গে জড়িত অনেককে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাদী তখন বলেন, ‘এজাহারে কারও নাম ছিল না, এটা সত্যি। তবে তদন্তের মাধ্যমে বিভিন্নজনের নাম এসেছে, তাঁদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তেই প্রকাশ পেয়েছে।’ আসামিপক্ষের আইনজীবীরা বাদীর কাছে আরও জানতে চান, আওয়ামী লীগের দলীয় কোন্দলে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা। জবাবে বাদী বলেন, ‘দলীয় কোন্দলের পরিপ্রেক্ষিতে কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।’
আদালত সূত্র জানায়, বাদীর সাক্ষ্য গ্রহণকালে কারাবন্দী ১৪ আসামি ও জামিনে থাকা আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী আদালতের নির্দেশে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তাঁর পক্ষে তাঁর আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, মামলায় মোট সাক্ষী ১৭১ জন। গতকাল প্রথম দিন মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করে আদালত ২১ ও ২২ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা করেন। প্রায় ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মেয়র আরিফুল, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের মুফতি হান্নান, বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন। তাঁদের মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে ও আটজন জামিনে আছেন। হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক।