সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে ২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে শিক্ষক মিজানুর রশিদ হত্যার প্রথম বার্ষিকী আজ ২৫ অক্টোবর মঙ্গলবার। এই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।এ ব্যাপারে মামলার বাদী শিক্ষক মিজানুরের ভাই মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, একটি মহল আসামিদের সহযোগিতা করছে। তারা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে। মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর আহত হয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদ গত বছরের ২৫ অক্টোবর মারা যান। মামলা ও পরিবার সূত্রে জানা যায়, নিজ কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিনি গত বছরের ১২ অক্টোবর দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৫ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে স্থানীয় দুই বখাটে যুবক আবদুল আওয়াল ওরফে রাজন ও মামুনুর রশিদ ওরফে আসিফের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ১৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। নাটোরের অতিরিক্ত দায়রা জজ দিলীপ দেবনাথ গত ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান। সাক্ষ্য গ্রহণের প্রথম তারিখ ছিল ১০ আগস্ট। ওই দিন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ১২ অক্টোবর ছিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ। এদিন আসামিদের আদালতে হাজির করা হলে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে সাক্ষীর জন্য নতুন করে ২ ও ৩ নভেম্বর দিন নির্ধারণ করেন।