সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি, নতুন তারিখ ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার আলোচিত মামলায় গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ২০ জুন।
মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য দিন ছিল। জানতে চাইলে আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সৈয়দ ফিরোজুর রহমান বলেন, মামলায় আজ (গতকাল) সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদী, আসামি ও বাবা-মায়ের সঙ্গে গুলিবিদ্ধ শিশু আদালতে হাজির হয়। কিন্তু তদন্তকারী কর্মকর্তা মামলার মূল নথির সঙ্গে সাক্ষীদের ১৬১ ধারায় দেওয়া জবানবন্দি সংযুক্ত না করা এবং আদালত মামলার কেস ডকেট (সিডি) নিয়ে মূল নথির সঙ্গে যুক্ত করায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে সিডি রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছে থাকা আবশ্যক। আদালত আগামী ২০ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গত ২৮ মার্চ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ ১৭ আসামির বিরুদ্ধে আলোচিত এ মামলার অভিযোগ (চার্জ) গঠন করা হয়। এদিন বিচারক মামলা থেকে অব্যাহতি চাওয়া পাঁচ আসামির আবেদনও খারিজ করে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী কৌঁসুলি সৈয়দ ফিরোজুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন সুমন সেন, আলী আকবর, মুজিবুর রহমান, সুমন আলী, ফরিদুর রহমান, সাগর, বাপ্পী গাজী, ইলিয়াস মোল্লা, সোহেল মিয়া, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল ইসলাম, সোবহান শেখ, সোলায়মান হোসেন, তৈয়বুর রহমান, মো. সুমন ও আয়নাল শেখ। মামলায় মোট ৫৮ জনকে সাক্ষী করা হয়েছে।
২০১৫ সালের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন পেটে গুলিবিদ্ধ হন। তাঁর পেটে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া গুলি ও বোমায় আহত হন। দুই দিন পরে তিনি মাগুরা সদর হাসপাতালে মারা যান। সংঘর্ষের দিন মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশুটি জন্ম নেয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার সব আসামি ছাত্রলীগের নেতা-কর্মী, সমর্থক ও সহযোগী। মামলার তিন নম্বর আসামি মেহেদী হাসান গত ১৬ আগস্ট পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
মাগুরার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আলোচিত এ মামলার সব আসামিই এখন জামিনে মুক্ত রয়েছেন।
নাজমা খাতুনের স্বামী বাচ্চু ভূঁইয়া বলেন, সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হওয়ায় তাঁরা খুশি হয়েছিলেন। এখন তাঁরা দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান।