
রাগীব আলী ও তাঁর ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করে ২৩ ফেব্রুয়ারি যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, এ মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ ২১ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে গতকাল সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার তারিখ ধার্য হবে।
আদালত সূত্র জানায়, গতকাল হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, পিবিআইয়ের পরিদর্শক দিলীপ কান্ত নাথ, সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টরেটের (আরডিসি) দায়িত্ব পালনকারী কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহা. মাসুম বিল্লাহ, নরসিংদীর শিবপুর থানার পরিদর্শক নূরে আলম সিদ্দিকী ও পুলিশ পরিদর্শক সৈয়দুজ্জামান সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণকালে মামলার প্রধান দুই আসামি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই ছাড়াও দেবোত্তর সম্পত্তির ভুয়া সেবায়েত রাগীব দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত আদালতে উপস্থিত ছিলেন। রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদির পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন দেওয়ান মোস্তাক ও পংকজ গুপ্ত।
তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পৃথক মামলায় অভিযোগ গঠন
পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণার অভিযোগে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে একই আদালতে পৃথক আরেকটি মামলার অভিযোগ গঠিত হয়েছে গতকাল। রাগীব আলী পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাই সাবেক সম্পাদক। এ মামলায় ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেন গিয়াস উদ্দিন তালুকদার। আদালত মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় তাঁদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেওয়ায় পরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।