চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরে আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, ধার্য দিনে সাক্ষীকে পুলিশ হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ হয়নি। জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাক্ষীদের ঠিকানায় পাওয়া যাচ্ছে না। ১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বর্তমানে চারজনের সাক্ষ্য গ্রহণ হলেও দুজনকে বৈরী ঘোষণা করা হয়।