সাক্ষ্য গ্রহণ হয়নি, বাদীকে মামলা তুলে নিতে দুই আসামির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজতে ইসতিয়াক হোসেন ওরফে জনিকে হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন আদালত। আগামী ১৪ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে। বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিয়েছেন দুই আসামি।
গতকাল বুধবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ তারিখ ধার্য করেন।
এদিকে মামলার বাদী ইমতিয়াজ হোসেন সাক্ষী হিসেবে আদালতে হাজির ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, এ মামলার আসামি এসআই রাশেদুল ইসলাম ও এএসআই কামরুজ্জামান মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। ভয়ভীতিও দেখাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। ওই দুজনই জামিনে আছেন। তিনি আরও বলেন, আসামি জাহিদের পরিবার থেকে আপস-মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা রাজি হননি।
বাদীপক্ষে এ মামলায় আইনগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সংস্থা। সংস্থার আইনজীবী ফাহমিদা প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ থেকে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। গতকাল হাইকোর্টের আদেশ দাখিল ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদেশ দাখিল করতে না পারায় আসামিপক্ষে সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ এপ্রিল এ মামলায় পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির মধ্যে তিনজন জামিনে আছেন। এসআই জাহিদ সাময়িক বরখাস্ত ও পুলিশের তথ্যদাতা সুমন কারাগারে আটক আছেন।
২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থানা হেফাজতে পুলিশি নির্যাতনে ইসতিয়াক হোসেনের মৃত্যুর অভিযোগে মামলা করা হয়। আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছরের ১৭ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে বিচারিক তদন্ত প্রতিবেদন দেন। অভিযুক্ত পাঁচ আসামি হলেন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান, পল্লবী থানার এএসআই রাশেদুল ও কামরুজ্জামান, তথ্যদাতা সুমন ও রাশেদ।
২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেকশনে জনির প্রতিবেশী সাদেকের ছেলের গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশের তথ্যদাতা সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় জনি ও তাঁর ভাই সুমনকে চলে যেতে অনুরোধ করেন। সুমন ওই দিন চলে গেলেও পরদিন এসে আবার আগের মতো আচরণ করতে থাকেন। পরে জনি ও তাঁর ভাইকে পল্লবী থানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। হাসপাতালে নেওয়ার পর জনি মারা যান।