সাক্ষ্য গ্রহণ ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ রাজীব হায়দার
আহমেদ রাজীব হায়দার

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আগামী ১১ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন এ দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার এক আসামির পক্ষে সাক্ষ্য কার্যক্রম মুলতবি চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি আদালতে বলেন, অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ওই আসামির পক্ষে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাক্ষ্য কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত মুলতবির আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এ মামলা করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। চলতি বছরের ১৮ মার্চ এ মামলায় এই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এঁদের মধ্যে রেদোয়ান পলাতক আছেন।