সাক্ষ্য গ্রহণ ৪ মে, মুফতি হান্নানের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। আগামী ৪ মে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। একই সঙ্গে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও নারায়ণগঞ্জ নগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ আদেশ দেন।
মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ১৩ মাস আগে তিনি আদালতে সাক্ষ্য দেন। পরবর্তী সময়ে আরও ছয় দফা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হলে তিনি সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীদের প্রস্তুত রাখেন। কিন্তু আসামিদের আদালতে হাজির না করায় সে সময় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়। তিনি বলেন, ‘যেহেতু এর আগে ছয় দফায় আসামিদের হাজির না করায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে, তাই আমরা মনে করেছি, এবারও আসামিদের আনা হবে না। আমরা প্রস্তুত না থাকায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন জানালে শুনানি শেষে আদালত মামলার সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।’
এ ছাড়া মুফতি হান্নান ও শাহাদাত উল্লাহর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের গণসংযোগ কর্মসূচি চলাকালে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন।