সাক্ষ্য গ্রহণ ৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে। ১৯৯৩ সালে মামলাটি করেন ওই সময়কার ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী।
উচ্চ আদালতের স্থগিতাদেশে ২০ বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের পর ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও এই মামলার আসামি।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম জানান, মামলার সাক্ষী ও আসামিদের উপস্থিতির জন্য ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সাক্ষীরা এলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও তিনটি মামলায় ২০০০ ও ২০০১ সালে বেকসুর খালাস পান আ জ ম নাছির। খালাস পাওয়া মামলার মধ্যে রয়েছে ১৯৯৩ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেলে তিন খুন, ১৯৯৪ সালের ২৮ জুন সদরঘাট ইসলামিয়া কলেজে জোড়া খুন ও ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের আহ্বায়ক মবিনুল হক চৌধুরীকে গুলি করে হত্যাচেষ্টার মামলা।
আ জ ম নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাছিরের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করা হয়েছিল। এ জন্য আদালতের রায়ে তিনটি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় নাছির জামিনে রয়েছেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ মার্চ নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এই মামলার বাদী সুফিয়ান সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি।
আদালত সূত্র জানায়, মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নেন আদালত। সাক্ষীদের আরও জেরা করার জন্য আসামিপক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। আদালত তা নাকচ করে দেন। এই আদেশের বিরুদ্ধে আসামি ফারুক আহমেদ উচ্চ আদালতে রিভিশন মামলা করেন ১৯৯৪ সালে। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর ২০১৪ সালের ৯ মার্চ হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আবু জাফর সিদ্দিকী ওই রিভিশন মামলায় আদেশ দেন। এতে মামলার ১ থেকে ৮ নম্বর সাক্ষীদের ডেকে পুনরায় (রি-কল) জেরা করা এবং ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার কথা বলা হয়।
হাইকোর্টের আদেশটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায় গত ৩ মার্চ। সেরেস্তাদার মো. ইসমাঈল জানান, উচ্চ আদালতের আদেশটি পাওয়ার পর আট সাক্ষীকে রি-কল করা হয়েছে। ৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
এই মামলার বিষয়ে জানতে গতকাল সকাল ও দুপুরে একাধিকবার আ জ ম নাছিরের মুঠোফোনে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় বক্তব্য জানা যায়নি।