রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম আগামী ৬ আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর বলেন, গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। একজন সাক্ষী হাজির ছিলেন। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে যাবে, সে জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেছেন।
জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন ভুক্তভোগী এক ছাত্রী। পাঁচ আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ। গতকাল পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আবার তাঁদের কারাগারে পাঠানো হয়।