সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ তারিখ ধার্য করেন।
পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। গতকাল এই মামলায় সাক্ষ্যÿগ্রহণের দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য নেওয়ার কার্যক্রম মুলতবি করে পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। তাতে বলা হয়, খালেদা জিয়া হরতাল-অবরোধে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া বিচারকের বদলি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে এবং তা শুনানির অপেক্ষায় আছে। এ কারণে সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে বলেন, ‘খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো অকালে মৃত্যুবরণ করেছেন। শোক নিয়ে আমাদের শুনানি করার মানসিকতা একদমই নেই। আমরা সবাই শোকাহত, তাই একটা সময় দিন।’
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়ার ছোট ছেলে অকাল মৃত্যুবরণ করায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা আসামিপক্ষের বক্তব্যের সঙ্গে একমত। আদালত যে আদেশ দেবেন, আমরা তা-ই মেনে নেব।’
চলতি বছরের ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
এই মামলার অপর আসামিরা হলেন খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।