বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম গতকাল সোমবার এ তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত ২৫ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন।মামলার তিন আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে ১০ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন। জামিনে থাকা মামলার অপর দুই আসামি সামসুদ্দিন আহমেদ ও খায়রুল ওরফে উজ্জ্বল গতকাল আদালতে হাজির ছিলেন।২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। পরদিন সকালে গুলশানের একটি বাড়ির দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।