ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ ২৪ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে হরতালের কারণে এ মামলায় কারাগারে আটক আসামিদের হাজির না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ান পলাতক।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নাজিম উদ্দিন পল্লবী থানায় এ মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।