সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৫ মে। গতকাল মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সব আসামি আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার তিন সাক্ষী সাক্ষ্য প্রদানের জন্য হাজির ছিলেন। তাঁদের একজন চেয়ারম্যান একরামের স্ত্রী তাসমিন আক্তার। অন্য দুজন হলেন হত্যাকাণ্ডের ঘটনাস্থল ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা মো. ইউছুপ ও আবু ছায়েদ।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে একরামুল হককে গািড়র গতিরোধ করে কুপিয়ে, গুলি করে, গািড়সহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ইতিমধ্যে মামলার বাদীসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন। ফেনী কারাগারে থাকা ৩৪ জন এবং জামিনে থাকা চারজনসহ ৩৮ জন আসামি গতকাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে আদালতে হাজির করা যায়নি। গ্রেপ্তার সব আসামি আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি।