ফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপা রানী হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা ওরফে রনি (২৪) হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত চাঁপা রানীর ভাই অরুণ কুমার ভৌমিক। মামলার সাক্ষ্য গ্রহণ চলা অবস্থায় এ ধরনের চাঞ্চল্যকর ও সারা দেশে আলোচিত মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ার ঘটনা বিরল বলে মন্তব্য করেছেন ফরিদপুরের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) মনির আহমেদ বলেন, আদালত থেকে জামিননামা কারাগারে আসার পরই বুধবার সন্ধ্যার দিকে দেবাশীষকে মুক্তি দেওয়া হয়। তবে তাঁর অপর দুই সহযোগী আলমগীর হোসেন ও সঞ্জয় বিশ্বাস কারাগারে রয়েছেন।চাঁপা রানী হত্যা মামলাটি বর্তমানে ফরিদপুরের জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকারের আদালতে বিচারাধীন। এ পর্যন্ত বাদীসহ ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ফরিদপুরের পিপি খসরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সাক্ষ্য গ্রহণ চলার সময় সাধারণত জামিন দেওয়ার রেওয়াজ নেই। তাই প্রধান আসামির জামিন একটি রেয়ার (বিরল) ঘটনা।’দেবাশীষের জামিনের বিষয়টি জানতেন না উল্লেখ করে খসরুজ্জামান বলেন, ‘রোববার (কাল) জামিন-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখব, কোন শর্তে হাইকোর্ট জামিন দিয়েছেন। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় ২০১০ সালের ২৬ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের পশ্চিম গাড়াখোলা এলাকায় চাপা রানীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেন বখাটে দেবাশীষ।