সাক্ষ্য গ্রহণের সুযোগ-সংক্রান্ত হাইকোর্টের আদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ চারজনের বিরুদ্ধে করা রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা সাক্ষ্য পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক আসামির করা (লিভ টু আপিল) নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, এই মামলার অভিযোগপত্রে প্রসিকিউশনের (দুদক) পক্ষে ৩৮ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ওই অবস্থায় বাকিদের সাক্ষী নেওয়ার জন্য যুক্তিতর্ক পর্যায় থেকে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে নিতে বিচারিক আদালতে আবেদন করে দুদক, যা গত বছরের ৭ নভেম্বর খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই আবেদন নিষ্পত্তি করে গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির পর্যায় থেকে প্রত্যাহার করে অভিযোগপত্রে থাকা সাক্ষীদের সাক্ষ্য পরীক্ষার জন্য প্রসিকিউশনকে (দুদক) সুযোগ দিতে বিচারিক আদালতকে নির্দেশ দেন। পাশাপাশি ৩১ মার্চের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে মামলার এক আসামি আবেদন করেন। আবেদনটি চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গতকাল শুনানি শেষে আপিল বিভাগ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অভিযোগপত্রে থাকা সাক্ষীদের সাক্ষ্য পরীক্ষা করার সুযোগ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বাতিল করে দেন আপিল বিভাগ। ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলাটি করে। তাতে অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে বেশি দামে রাডার কেনেন। এতে ৬৪ কোটি টাকার ক্ষতি হয়। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, তৎকালীন সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা।