সাক্ষ্য দিচ্ছেন নিহত সাতজনের স্বজনেরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় তাঁদের পরিবারের সদস্যরা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত সাতজনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে সাক্ষ্য দেওয়ার জন্য যান নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম, শ্বশুর মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান ও ভাই আবদুস সালাম।
এরপর নিহত মনিরুজ্জামান ওরফে স্বপনের পরিবারের পক্ষ থেকে সাক্ষ্য দেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, স্ত্রী মোর্শেদা বেগম ও ভাই রিপন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন স্বপনের দুই মেয়ে স্বর্ণা ও মাহী।
পরে সাক্ষ্য দেন নিহত জাহাঙ্গীরের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামসুন্নাহার, মা মেহেরুন, ভাই শাহজাহান ও শাহাবুদ্দিন।
কাউন্সিলর নজরুলের বন্ধু তাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাঁর মা তাসলিমা, বাবা আবুল খায়ের, ভাই সাইফুল ইসলাম সাক্ষ্য দিতে গেছেন।

নিহত সিরাজুল ইসলাম ওরফে লিটনের পরিবারের পক্ষে তাঁর বড় ভাই রফিকুল ইসলাম ও ছোট ভাই সাইফুল ইসলাম সাক্ষ্য দিতে গেছেন।
সাক্ষ্য দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যান নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে চিকিত্সক সুস্মিতা সরকার, তাঁর স্বামী রঞ্জিত দেবনাথ, আরেক মেয়ে সেঁজুতি সরকার, তাঁর স্বামী ও চন্দন সরকার হত্যা মামলার বাদী চিকিত্সক বিজয় কুমার পাল।
চন্দন সরকারের গাড়ির চালক ইব্রাহিমের বাবা আবদুল ওহাব মিয়া, স্ত্রী অনুফা বেগম, ছেলে রনি, বোন রহিমা ও ভাগনে শাকিল তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে গেছেন।
৫ মে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৮ মে সাত সদস্যের তদন্ত কমিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় (অপহরণের স্থান) এবং শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শান্তিনগর এলাকায় (যেখান থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়) পরিদর্শন করেন।