সাক্ষ্য দিতে আজ ভারত যাচ্ছেন ফেলানীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার আবারও শুরু হচ্ছে ফেলানী হত্যার পুনর্বিচার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আদালতে সাক্ষ্য দিতে আজ রোববার কুড়িগ্রাম থেকে কোচবিহার যাচ্ছেন ফেলানীর বাবা নূর ইসলাম।
সূত্র জানায়, ফেলানীর বাবার সঙ্গে ভারতে যাচ্ছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আইন সহায়তাকারী আব্রাহাম লিংকন এবং ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর এ টি এম হেমায়েতুল ইসলাম। কাল শুধু ফেলানীর বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। এ হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হওয়ায় ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মা জাহানারা বেগম।
বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হয় গত ২২ সেপ্টেম্বর। ওই দিন অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর ফেলানীর বাবার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সেই হিসাবে ২৬ সেপ্টেম্বর তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে কোচবিহার রওনা দেন তিনি। কিন্তু বিএসএফ তাদের বিশেষ আদালতের বিচারিক কার্যক্রম হঠাৎ স্থগিত করে দেয়। মাঝপথে এ খবর পেয়ে ফিরে আসে বাংলাদেশের প্রতিনিধিদলটি।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী।