চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষ্য দিতে এসে অঝোরে কাঁদলেন নিহতের মা গোপা মজুমদার।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তিনি সাক্ষ্য দেন। পরে রোববার সাক্ষীকে জেরার দিন ধার্য রাখা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, দশম সাক্ষী হিসেবে হিমাদ্রীর মা গোপা মজুমদার সাক্ষ্য দিয়েছেন। রোববার তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন হিমাদ্রীর মা গোপা মজুমদার। চোখ মুছতে মুছতে তিনি নিজের ছেলেকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যার বর্ণনা দিয়ে সাক্ষ্য দেন। তিনি আদালতকে জানান, পড়ালেখার পাশাপাশি হিমাদ্রী নগরের পাঁচলাইশ এলাকার মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সক্রিয় সদস্য ছিল। ২০১১ সালের ২০ মে পাঁচলাইশ এলাকায় শাহাদাত হোসাইন সাজু নামের এক যুবক মাদকের ব্যবসা করলে শিকড়ের সদস্যরা তাতে বাধা দেয়। এ নিয়ে হিমাদ্রী ও তার বন্ধুদের সঙ্গে সাজুর কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনায় শিকড়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তবে লেখাপড়ার ক্ষতি হবে ভেবে জিডিতে হিমাদ্রীর নাম রাখা হয়নি।
পরের বছরের ২৭ এপ্রিল হিমাদ্রীকে নগরের পাঁচলাইশ এলাকার ফরহাদ ম্যানশনের চতুর্থ তলা থেকে ফেলে হত্যা করা হয়। এদিন খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান হিমাদ্রীর মা। তখন হিমাদ্রী মা ও তার বন্ধুদের বলতে থাকে, ‘শাহ সেলিম টিপুর ছেলে জুনায়েদ রিয়াদ, তার বন্ধু শাহাদাত হোসাইন, মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম শাওন টিপুর নির্দেশে তাকে টিপুদের বাসার ছাদে তোলে। পরে মারধর করে। একপর্যায়ে বিদেশি কুকুর লেলিয়ে দেয়। পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ হিমাদ্রীর এ জবানবন্দি মুঠোফোনে রেকর্ড করা হয়। মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে আসামিরা ছাদ থেকে ফেলে হত্যা করে।