সাক্ষ্য দিতে গিয়ে ফিরে এলেন ফেলানীর বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের হত্যা মামলা তিন দিনের জন্য মুলতবি ঘোষণা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালত।

আজ শুক্রবার সকালে হত্যা মামলায় সাক্ষ্য দিতে ফেলানীর বাবাসহ তিনজন ভারতের পথে রওনা হন। কিন্তু মামলা পেছানোর কারণে তাঁদের ফিরে আসতে হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফেলানীর বাবাকে ভারতে পাঠানোর জন্য বিএসএফের কাছে অনুরোধ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিপি বাদলা এক ফ্যাক্সবার্তায় কুড়িগ্রাম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দকে ওই অনুরোধ জানান। বিএসএফের ডাক পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ভারতের পথে রওনা হন ফেলানীর বাবা নুরুল ইসলাম।

কুড়িগ্রাম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেনের ভাষ্য, ‘আগামীকাল শনিবার আদালতে ফেলানীর বাবা নুরুল ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ কারণে ঝড়বৃষ্টির মধ্যে সকালে বিজিবির গাড়িতে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্টের দিকে রওনা হই। দুপুর নাগাদ ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ২৫ কিলোমিটার দূরে বড়বাড়ি নামক এলাকায় পৌঁছানোর পর জানতে পারি আদালত তিন দিনের জন্য মুলতবি করা হয়েছে। ফলে পথ থেকেই ফিরে আসতে হয়েছে। আবার ডাক পেলে তাঁরা ভারতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন।’ তবে কবে ডাকা হবে—এ ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি।

হঠাৎ করে মামলা মুলতবি হওয়ায় হতাশ হয়েছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে তাঁর মনে সন্দেহ দেখা দিয়েছে। মামলায় না ডাকায় আরেক সাক্ষী ফেলানীর মামা আবদুল হানিফ রায় নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে তিনি ভারত সরকারের কাছে ন্যায়বিচার পাওয়ার অনুরোধ জানান ।

এ ব্যাপারে সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন বলেন, ন্যায়বিচারের জন্য ভারতের বিশেষ আদালতে সাক্ষীদের উপস্থিতি প্রয়োজন। তবে বিচারিক আদালত যদি মনে করেন সাক্ষীদের আর সাক্ষ্য প্রয়োজন নেই, তাহলে আমন্ত্রণ নাও জানাতে পারেন।

১৪ বছরের বাংলাদেশি কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি বাবা নুরুল ইসলামের সঙ্গে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তাঁরা দালাল মারফত বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ায় বাঁশের মই দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ ফেলানীকে দেখে গুলি চালান। ফেলানী গুলি খেয়ে কাঁটাতারে ঝুলেছিল। চার ঘণ্টা ঝুলে থাকার পর তার মরদেহ নামানো হয়। দেশে-বিদেশে তীব্র প্রতিবাদ ওঠায় বিএসএফ ফেলানী হত্যায় একটি মামলা দায়ের করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট। সেখানেই ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। রায়ে অমিয় ঘোষ নির্দোষ প্রমাণিত হন। এই রায় প্রত্যাখ্যান করে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের কাছে পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। এতে সহযোগিতা করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। পরে আবার বিচার শুরু হয়।