২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষী হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমানকে তলব করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ওই ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সাক্ষী আবু হেনা মোহাম্মদ ইউসুফকে আসামিপক্ষের জেরা শেষে গতকাল রোববার এ আদেশ দেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল ধার্য দিনে আবু হেনাকে জেরা করেন আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রমনা বটমূলের মামলায় আবদুস সালাম পিন্টুর নাম কেউ বলেছে—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘না, তবে পারিপার্শ্বিক অবস্থায় তাঁর নাম এসেছে।’গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জঙ্গি নেতা আবু সাঈদের পক্ষের আইনজীবীরা আবার আবু হেনাকে জেরা করার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। পরে তাঁদের পক্ষে আবু হেনাকে জেরা করা হয়। সাক্ষ্য-জেরা শেষে আদালত নতুন সাক্ষী এস এম মিজানুর রহমানের প্রতি সমন জারি করেন। আজ সোমবার তাঁর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।