একুশে আগস্ট গ্রেনেড হামলা: মিজানুর রহমানের জেরা শেষ
সাক্ষ্য দিতে তৎকালীন মহানগর হাকিমকে আদালতের সমন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিতে ঢাকার তৎকালীন মহানগর হাকিম এ কে এম এমদাদুল হককে সমন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এই আদেশ দেন।একই ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার সাক্ষী ঢাকা মহানগর পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমানকে দুই মামলায় আসামিপক্ষের জেরা গতকাল শেষ হয়। চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এরপর আদালত এ কে এম এমদাদুল হকের প্রতি সমন দেন এবং ১৪ ও ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। এর আগে ২৪ সেপ্টেম্বর সাক্ষ্য দিতে মেজর জেনারেল (অব.) সাদিক হাসানকে সমন দেন আদালত।আদালত সূত্র জানায়, ঢাকার তৎকালীন মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক গ্রেনেড হামলা মামলার আসামি আবদুল মজিদ ভাট ও তাঁর স্ত্রী নাহিদ লাইলা ওরফে কাঁকন এবং সাক্ষী লে. কর্নেল (অব.) আফজাল নাছের ভূইয়া ও লে. কর্নেল (অব.) মিজানের জবানবন্দি নিয়েছিলেন।এই মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাতজন আসামিও হাজির ছিলেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক রয়েছেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।