সাক্ষ্য দিতে প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজনকে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলার প্রথম তদন্ত কর্মকর্তাসহ দুজনকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীরকে আসামিপক্ষের জেরা শেষে আদালত এ আদেশ দেন।
আগামী ১ ফেব্রুয়ারি এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন। আদালত সূত্র বলেছে, এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমির হোসেন ও মনির হোসেনকে সাক্ষ্য দিতে তাঁদের প্রতি সমন দেওয়ার আদেশ দেন আদালত।
মহীউদ্দীন খান আলমগীর ৫ জানুয়ারি আংশিক সাক্ষ্য দেন। পরে গত সোমবার তাঁর সাক্ষ্য দেওয়া শেষে তাঁকে আসামিপক্ষ আংশিক জেরা করে। গতকাল তাঁকে আসামিপক্ষের জেরা শেষ হয়।
গতকাল পর্যন্ত এ মামলায় ২০৬ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।