সাক্ষ্য দিতে ভারতে ফেলানীর বাবা
ফেলানী হত্যার পুনর্বিচারকাজে আদালতে সাক্ষ্য দিতে গতকাল রোববার ভারতে গেছেন তার বাবা নূর ইসলাম। আজ সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বেলা ১১টায় বিজিবির কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর এ টি এম হেমায়েতুল ইসলাম ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকনের সঙ্গে ভারতের উদ্দেশে রওনা হন নূর ইসলাম।
বিজিবির কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে নূর ইসলাম বলেন, ‘দুনিয়ার সবচেয়ে কষ্টদায়ক দৃশ্যটি আমি নিজের চোখে দেখেছি। বিএসএফের সদস্য অমিয় ঘোষ আমার মাইয়ারে গুলি কইরা মারছে। আমার মাইয়ারে তো আর ফিরা পামু না। বিচারটা যেন পাই।’
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে বিএসএফের সেক্টর সদর দপ্তরে স্থাপিত আদালত ‘জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট’-এর আহ্বানে ভারত গেছেন নূর ইসলামসহ ওই প্রতিনিধিদলটি।
পিপি আব্রাহাম লিংকন বলেন, ফেলানী হত্যা মামলার পুনর্বিচার শুরুর ভেতর দিয়ে প্রমাণিত হয়েছে আগেরবার ন্যায্য বিচার হয়নি।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ফেলানী।