সাক্ষ্য দিতে সুরঞ্জিত, জাফরউল্লাহ ও মহীউদ্দীনকে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ ও মহীউদ্দীন খান আলমগীরকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন। এর আগে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুর রহমান সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় ৪৯১ জন সাক্ষীর মধ্যে ২০০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আগামী রোববার ও সোমবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অস্থায়ী বিশেষ এজলাসে গ্রেনেড হামলা-সংক্রান্ত দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক) বিচারকাজ চলছে।
আজিজুর রহমান সাক্ষ্যে বলেন, ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনিও আহত হন। সাক্ষ্যে কোনো আসামির নাম প্রকাশ না করায় তাঁকে আসামিপক্ষ জেরা করেনি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম (পিন্টু), জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাবন্দী ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়।