ঘুষ গ্রহণ মামলায় কানাডাভিত্তিক প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগ তদন্তকারী বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে হবে না। কানাডার সুপ্রিম কোর্ট গত শুক্রবার এই রুল দিয়েছেন।
কানাডার সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী বিশ্বব্যাংকের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের টরন্টোর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে না। বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ৩০০ কোটি মার্কিন ডলারের ঠিকাদারি পেতে এসএনসি-লাভালিন ঘুষ দিতে চেয়েছিল বলে যে অভিযোগ ওঠে, তার তদন্ত করেছেন ওই কর্মকর্তারা।
এসএনসি-লাভালিনের সাবেক প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল কোম্পানির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন। তিনি গত নভেম্বর থেকে এ বিষয়ে পুলিশকে সহায়তা করছেন। ঘুষ নেওয়ার অভিযোগ ইসমাইলের বিরুদ্ধে এখন আর নেই।