সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ অনুসন্ধানে সাক্ষী হিসেবে বক্তব্য দিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সাত কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের কাছে সাতজনের তালিকাসহ নোটিশ পাঠানো হয়। ১০ ও ১১ নভেম্বর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের শাখাগুলোতে নিরীক্ষা চলাকালে পরিদর্শন ও তদারক সেলের এ সাতজন কর্মকর্তা দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনেন। তাঁরা হলেন: খন্দকার আবদুল ওয়াকিব, সুকুমার রায়, জসিম উদ্দিন খান, মো. আনিসুজ্জামান, বিপ্লব ভূষণ বক্সি, মো. মুনজুর রহমান ও মো. আজাদুল হক।
সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে ব্যাংকটির স্থানীয় শাখার ১১ কর্মকর্তাকে গত মাসের ২৮ ও ২৯ তারিখে জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্যাংকটির যে নয়টি শাখা থেকে জালিয়াতির অভিযোগ উঠেছে সেগুলো হলো: মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, লোকাল অফিস, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, তৎকালীন হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।