সাক্ষ্য দিয়ে দেশে ফিরেছেন ফেলানীর বাবা-মামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়ে বাংলাদেশে ফিরে গেছেন তাঁর বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফ।

আজ মঙ্গলবার সকালে ফেলানীর বাবা, মামাসহ বাংলাদেশের প্রতিনিধিদলটি ভারতের কোচবিহার ত্যাগ করে। বিএসএফের কর্মকর্তাদের পাহারায় তাঁদের সীমান্তে পৌঁছে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা বাংলাদেশে পৌঁছান। আজ এ মামলায় সংশ্লিষ্ট ভারতীয় নগরিকেরা সাক্ষ্য দিচ্ছেন।

আমাদের পাটগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, আজ দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্প কমান্ডার খাদেমুল ইসলাম ফেলানীর বাবা ও মামাকে গ্রহণ করেন।

সাক্ষ্য দেওয়ার জন্য গত রোববার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেলানীর বাবা-মামা ভারতের কোচবিহার যান। তাঁদের সঙ্গে ছিলেন ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ও কুড়িগ্রামের আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন।

২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর দীর্ঘক্ষণ ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। এরপর বিএসএফ ফেলানী হত্যার ঘটনায় একটি মামলা করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট।

দীর্ঘ আড়াই বছর পর ১৩ আগস্ট কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কোচবিহারের সোনারিতে বিএসএফ ১৮১ সদর দপ্তরে ফেলানী হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফের সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয়। যে আদালতে ফেলানী হত্যার বিচার চলছে, তা সেনা কোর্ট মার্শালের সমতুল্য। প্রথম দিন বিচারকাজ পরিচালনার জন্য পাঁচজন বিচারককে নিয়োগ দেওয়া হয়। পরের দিন ১৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়। প্রথম দিনে অভিযুক্ত কনস্টেবল অমিয় ঘোষকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়। অমিয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ নেওয়া হয়েছে।