সাক্ষ্য দিলেন অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী সাক্ষ্য দেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ৯ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন। গতকাল পর্যন্ত ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি ছয় আসামির জামিন বাতিলের আদেশ দেন আদালত। ওই দিন আদালতে উপস্থিত চার আসামি খন্দকার আশিকুল ইসলাম, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব ও মাহবুব আকরাম পালিয়ে যান। গতকালও তাঁরা আদালতে আত্মসমর্পণ না করায় তাঁদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এই মামলায় বর্তমানে ছয় আসামি পলাতক আছেন। জামিনে থাকা সাত আসামি গতকাল আদালতে হাজির ছিলেন।
২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আশুলিয়া থানা পুলিশ। ওই বছরের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।