সাক্ষ্য দিলেন আইভি রহমানের ছেলে নাজমুল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন ওই হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের ছেলে নাজমুল হাসান। ওই গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তিনি সাক্ষ্য দেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ২৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
নাজমুল হাসান আদালতকে বলেন, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা, গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা তুষার হত্যার প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ওই সভায় তাঁর মা ও বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অংশ নেন। হামলায় আইভি রহমানের দুই পা উড়ে যায়। বাঁ হাত গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান। পরদিন তিনি হাসপাতালে গিয়ে মায়ের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে আইভি রহমানের লাশ গ্রহণ করেন।
এই মামলায় এর আগে ১৯৭ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন ও আবু আবদুল্লাহ ভূঁইয়া।