২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের সুরতহালের সাক্ষী জাকারিয়া সিরাজ চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ২০২ জন সাক্ষ্য দিলেন।
আজ মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষের জেরা শেষে আদালত ১৪ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচার চলছে। এ মামলায় মোট সাক্ষী ৪৯২ জন। ২০০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ২ ডিসেম্বর কাজী জাফর উল্লাহ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মহিউদ্দিন খান আলমগীরকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন দেওয়া হয়। এর মধ্যে কাজী জাফর উল্লাহ গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দেন। আজ বাকি দুজন না এলেও জাকারিয়া সিরাজ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলা প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন বিশেষ পিপি মোশাররফ হোসেন ও আকরাম উদ্দিন প্রমুখ।
এর আগে এ মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৩জনকে আদালতে হাজির করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ লোক। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক আছেন। আটজন জামিনে আছেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।