চট্টগ্রাম নগরে মহিলাসহ দুই শিশু খুনের মামলায় সাক্ষ্য দিয়েছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পদচিহ্ন বিশারদ অহিদুল ইসলাম। তিনি আদালতে বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা পায়ের চিহ্নের সঙ্গে গ্রেপ্তার হওয়া আসামি গৃহশিক্ষক তারেক চৌধুরীর পায়ের চিহ্নের মিল রয়েছে।
গতকাল রোববার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে তিনি এ সাক্ষ্য দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে জানান, সিআইডির পদচিহ্ন বিশারদ অহিদুল সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে।
২০১২ সালের ২৩ অক্টোবর নগরের বহদ্দারহাট খতিবেরহাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তাঁর দুই শিশুপুত্র আলবি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেন গৃহশিক্ষক তারেক চৌধুরী।
এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসহাক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ৩ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। অভিযুক্ত তারেক চৌধুরী কারাগারে আছেন।