চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব এ সাক্ষ্য দেন। পরে তাঁকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী আবু তৈয়ব তাঁর সাক্ষ্যে আদালতকে বলেন, ‘ঘটনার পর তাঁরা কয়েকজন বন্ধুসহ হাসপাতালে অসুস্থ হিমাদ্রীকে দেখতে যান। সেখানে হিমাদ্রী তাঁর ওপর আসামিদের নির্যাতনের বর্ণনা দেন। সেই বর্ণনাটি রেকর্ড করা হয়। মাদক সেবনের প্রতিবাদ করায় আসামিরা হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।’
অতিরিক্ত পিপি আরও জানান, হিমাদ্রীর জবানবন্দি রেকর্ড করা সেই সিডি গতকাল আদালতে জমা দেন আবু তৈয়ব। পরে তাঁকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী জেরা শুরু করেন। এ মামলায় গত ১৮ ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী প্রকাশ দাশ। আর গতকাল সাক্ষ্য দেন দ্বিতীয় সাক্ষী আবু তৈয়ব।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।