সাক্ষ্য দিলেন আরও চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে চারজন সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া এক সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
জেরা ও সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন আদালতে সময়ের আবেদন জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসন আথ্রা৴ইটিস সমস্যার কারণে আদালতে আসতে পারেননি। খালেদা জিয়ার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের আদেশ দেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারকাজ চলছে।
গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য দেন সোনালী ব্যাংক লালমাটিয়া শাখার মহাব্যবস্থাপক আবদুল গফুর, হারুনুর রশীদ, হারুনুর রশীদ ফকির ও আমিন উদ্দিন আহমেদ। এ নিয়ে এই মামলায় গতকাল পর্যন্ত ৩০ জন সাক্ষ্য দিলেন।